News71.com
 Bangladesh
 13 Aug 16, 05:42 PM
 431           
 0
 13 Aug 16, 05:42 PM

লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াসহ সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করতে হবে ।। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াসহ সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করতে হবে ।। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

 

নিউজ ডেস্কঃ নীলফামারীতে উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের ১২৯ জন শিক্ষার্থীকে ২০১৫ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতিত্বের জন্য সংবর্ধনা প্রদান করা করা হয়েছে । আজ দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উন্নয়নমুখি সমাজকল্যাণ সংস্থা (ইউএসকেএস) আয়োজিত ওই অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন। এ ছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় সংস্কৃতিমন্ত্রী শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে বলেন,‘মুক্ত মনের মানুষ তৈরি হতে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াসহ সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করতে হবে। তা না হলে একজন পূর্ণাঙ্গ মানুষ তৈরি হতে অনেক ঘাটতি বিরাজ করবে। সন্তানরা লেখাপড়া করতে গিয়ে কি করছে সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে। শিক্ষকতা পেশাটিকে চাকরি হিসেবে না দেখে এটি একটি ব্রত হিসেবে দেখার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান আসাদুজ্জামান নূর।

এ ছাড়াও সংস্কৃতিমন্ত্রী ১১ জন শিক্ষকদের চলতি ভাতার পাশাপাশি প্রতিমাসে ১ হাজার করে টাকা অতিরিক্ত ভাতা প্রদানের ঘোষণা দেন। সংস্থাটির সভাপতি ডা, মমতাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক আহসান রহিম মঞ্জিল, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়রাম্যান আবুজার রহমান, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহিন, সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি অধ্যাপক নরেশ চন্দ্র রায় ।

উন্নয়নমুখি সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক আহসান রহিম মঞ্জিল জানান, ঝড়েপড়া শিক্ষার্থীদের নিয়ে সংস্থার পরিচালিত ১১টি উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৫ সালে ২৩৩ জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করে। এর মধ্যে ১২৯ জন জিপিএ-৫ অর্জন করেছে। জিপিএ-৫ অর্জনকারীদের মধ্যে ২০ জন মেধা তালিকায় এবং ১৭ জন সাধারণ বৃত্তি লাভ করেছে। এসব বিদ্যালয় ১জন শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন