
নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দেশে জঙ্গি তৎপরতার বিরুদ্ধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ গভর্ণমেন্ট ল্যাবরেটরি স্কুলসংলগ্ন রাস্তার পাশে ১৫ মিনিটের জন্য আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তৃতায় এই আহ্বান জানান।
ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা মহানগরীসহ ঢাকা জেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, এনটিআরসিএর চেয়ারম্যান এ এম এম আজহার, ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোয়াজ্জেম হোসেন মোল্লা এবং ঢাকার জেলা প্রশাসক সালাহ উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।