
নিউজ ডেস্কঃ প্রায় তিন মাস দেশে কাটিয়ে আজ শুক্রবার (১২ আগস্ট) ভোরে ঢাকায় ফিরছেন তুরস্কের রাষ্ট্রদূত দেউরিম ওজতুর্ক। কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর দেউরিম ওজতুর্ককে আলোচনার জন্য দেশে নিয়ে যায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর পাল্টা পদক্ষেপ হিসেবে আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকীকে আলোচনার জন্য সরকার ঢাকায় ফিরিয়ে আনে। গত বুধবার আঙ্কারায় ফিরে গেছেন আল্লামা সিদ্দিকী।
মূলত নিজামীর ফাঁসি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ক্ষোভ প্রকাশ করায় দুই দেশের মধ্যে সম্পর্কে সাময়িক অস্থিরতা সৃষ্টি হয়।
অপরদিকে তুরস্কে সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে ঢাকা ছেড়েছেন দেশটির তিন কূটনীতিক। ওই তিনজনকে দেশে ফিরতে বলা হলেও গত মাসের শেষ দিকে দুজন নিউইয়র্কে এবং একজন মস্কোতে চলে যান।