
নিউজ ডেস্কঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নেতৃবৃন্দ বলেছেন, রাজনীতি ও সমাজে আদর্শবাদী ধারা ফিরিয়ে না আনতে পারলে তরুণ সমাজকে হতাশা মুক্ত করা যাবে না। এজন্য একই ধারার শিক্ষা ব্যবস্থা চালু এবং পরিকল্পিত শিক্ষা ও বিকশিত জীবনের নিশ্চয়তার লক্ষ্যে পুরো ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে ।
গতকাল ১১ই আগস্ট বিকেলে পুরানা পল্টন মোড়ে সিপিবি পল্টন শাখার সম্মেলনকে সামনে রেখে সন্ত্রাস-সাম্প্রদায়িক-জঙ্গিবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি পল্টন শাখার সম্পাদক মুর্শিকুল ইসলাম শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি ঢাকা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য বিকাশ সাহা, ঢাকা কমিটির সদস্য সেকেন্দার হায়াত, অভিনেত্রী সুমনা সোমা, সিপিবি পল্টন থানার সভাপতি অ্যাড. এম এ তাহের, বাংলাদেশ হকার্স ইউনিয়ন আহ্বায়ক আব্দুল হাসেম কবির, পল্টন থানা কমিটির সদস্য পুষ্পেন রায়, শাখার নেতা শাহিনুর আল-আমিন প্রমুখ ।
সমাবেশে নেতৃবৃন্দ আরো জানান, সন্ত্রাসী সাম্প্রদায়িক জঙ্গিবাদের বিরুদ্ধে দেশবাসী এক হলেও আদর্শহীন রাজনীতির কারণে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা যায়নি। নেতৃবৃন্দ জানান, শত্রুপক্ষ চিহ্নিত। এদের বিরুদ্ধে অবস্থান নিয়ে অন্ততঃ যার যার বিরুদ্ধে মাঠে নামুন। এদের আশ্রয় প্রশ্রয় দেয়া ও কৌশলগতভাবে ব্যবহার বন্ধ করুন।
নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মকে আদর্শনির্ভর রাজনীতির ধারায় যোগ দেয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে একটি মিছিল পল্টনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পার্টি কার্যালয়ে এসে শেষ হয় ।