
নিউজ ডেস্ক: আজ রাজধানীর রাস্তায় বালিশ নিয়ে প্রতীকী অবস্থান করেছেন একদল অবিবাহিত নারী-পুরুষ। ‘ভাড়াটিয়া পরিষদ’র ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
আয়োজকরা বলেন, সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলার পর ঢাকায় অবিবাহিতদের বাসা ভাড়া দিতে অনীহা ও বাড়তি ভাড়া নেওয়াসহ নানা হয়রানির প্রতিবাদে এই কর্মসূচি।
সংগঠনের সভাপতি বাহারানে সুলতান বাহার অবিবাহিতদের বাড়ি ভাড়ায় ঝামেলা নিরসনসহ চার দফা দাবি আদায়ে আগামী ২৩ অগাস্ট বেলা ১১টায় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার নতুন কর্মসূচির ঘোষণা করেন।
সেখানে তাদের দাবিগুলো হলো- শহরে বসবাসরত ‘ব্যাচেলর’ ভাড়াটিয়াদের আবাসন নিশ্চিত করা, সরকারিভাবে আবাসনের ব্যবস্থা করা, ‘ব্যাচেলরদের’ হয়রানি এবং বাড়ির মালিকদের ভাড়া বাড়িয়ে অর্থনৈতিক নির্যাতন ও উচ্ছেদ বন্ধ করা।
সংগঠনের সভাপতি বাহারানে সুলতান বাহার বলেছেন, আমরা জঙ্গিদের বিরুদ্ধে। কিন্তু জঙ্গির নামে বাসা-বাড়ির মালিকরা আজ ব্যাচেলরদের ওপর যেভাবে নির্যাতন করছে, তা মেনে নেওয়া যায় না।