News71.com
 Bangladesh
 12 Aug 16, 12:03 AM
 407           
 0
 12 Aug 16, 12:03 AM

প্রতিমন্ত্রীর সঙ্গে জঙ্গিবিরোধী মঞ্চে ১৪ মামলার আসামি ...

প্রতিমন্ত্রীর সঙ্গে জঙ্গিবিরোধী মঞ্চে ১৪ মামলার আসামি ...

নিউজ ডেস্ক: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সঙ্গে একই মঞ্চে দুর্নীতি দমন কমিশনের ১৪ মামলার আসামি মাহবুবুজ্জামান আহমেদকে বক্তব্য দিতে দেখা গেছে। সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবিরোধী মতবিনিময় ওই সভায় আমন্ত্রিত অতিথি হয়ে মাহবুবুজ্জামান আহমেদের বক্তব্য দেওয়া নিয়ে অনেকে নানা সমালোচনা করছেন।

মাহবুবুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ আসনের সাংসদ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ভাই। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গত সোমবার সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবিরোধী এক মতবিনিময় সভা হয়েছে।

দুদকের এসব মামলার অপর আসামি কালীগঞ্জের সাবেক পিআইও নভেন্দু নারায়ণ চৌধুরীকে গত ১৪ জুন রংপুর শহর থেকে গ্রেপ্তার করা হয়। নভেন্দু বর্তমানে লালমনিরহাট জেলা কারাগারে আছেন। অথচ ওই একই মামলায় মাহবুবুজ্জামান আহমেদকে গ্রেপ্তার না করায় অনেকে নানা সমালোচনা করছেন।

উল্লেখ ওই সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। সেখানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এন এম নাসির উদ্দিন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার শহীদ সোহরাওয়ার্দী, কালীগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন প্রমুখ। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহীনুর আলম বলেছেন, উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। দুদকের ১৪ মামলার অভিযুক্তকে অনুষ্ঠানের বিশেষ অতিথি করা নৈতিকভাবে ঠিক কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ওই মামলাগুলোর এখনও পর্যন্ত তদন্ত চলছে। অপর আসামি নভেন্দু নারায়ণ চৌধুরীকে গ্রেপ্তার করে জেলহাজতে আটক রাখার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি কিছু বলতে রাজি হননি।

এই ব্যাপারে দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুরের ভারপ্রাপ্ত উপপরিচালক আমিরুল ইসলাম বলেছেন, কালীগঞ্জের তুষভাণ্ডার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ দুদকের ১৪ মামলার আসামি। মামলার তদন্তের পাশাপাশি তাঁকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

দুদকের লালমনিরহাট জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) মশিউর রহমান বলেছেন, মাহবুবুজ্জামানকে দুদকের পক্ষ থেকে গ্রেপ্তারের এখতিয়ার রয়েছে।

সেখানে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, মাহবুবুজ্জামান প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ভাই হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে না। কিন্তু এই ব্যাপারে মাহবুবুজ্জামান আহমেদ নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার।’

প্রসঙ্গত, ১৯টি প্রকল্পে বরাদ্দ করা ৪৮ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে দুদকের সহকারী পরিচালক (সমন্বিত রংপুর জেলা) মো. জাকারিয়া বাদী হয়ে বিগত ২০১৪ সালের ৩০ ডিসেম্বর কালীগঞ্জ থানায় ১৯টি মামলা করেন। পৃথক এসব মামলার আসামি হলেন কালীগঞ্জের সাবেক পিআইও নভেন্দু নারায়ণ চৌধুরী, কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, মাহবুবুজ্জামান আহমেদসহ কয়েকজন। নভেন্দু নারায়ণ চৌধুরী ও হাফিজুর রহমানের বিরুদ্ধে পাঁচটি, নভেন্দু নারায়ণ চৌধুরী ও মাহবুবুজ্জামান আহমেদের বিরুদ্ধে ১৪টি মামলা হয়েছে। বিগত ২০১৫ সালে হাফিজুর রহমান মৃত্যুবরণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন