News71.com
 Bangladesh
 11 Aug 16, 11:55 PM
 429           
 0
 11 Aug 16, 11:55 PM

'২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় আগামী সেপ্টেম্বরে'।।

'২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় আগামী সেপ্টেম্বরে'।।

নিউজ ডেস্কঃ আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় চলতি বছরের সেপ্টেম্বরে হতে পারে। গতকাল জাতীয় সংসদে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আইনমন্ত্রী আনিসুল হক কমিটিকে জানিয়েছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ২২৪ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষ হয়েছে। আর দুজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া বাকি আছে। এরপর যুক্তিতর্ক উপস্থাপন হবে। আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিকে প্রতি মাসে এই মামলার অগ্রগতি অবহিত করতে হয়। আজকের বৈঠকে আইনমন্ত্রী সেপ্টেম্বরে রায়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, তাজুল ইসলাম চৌধুরী, আবদুল মতিন খসরু, বেগম সাহারা খাতুন, শামসুল হক টুকু, মো. আব্দুল মজিদ খান ও সফুরা বেগম বৈঠকে অংশ নেন। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন ড. মহীউদ্দীন খান আলমগীর। এ ছাড়া বৈঠকে আইন কমিশনের চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব; আইন, বিচার ও সংসদ বিভাগের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন