
নিউজ ডেস্কঃ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কাঁচি নামক স্থানে ডেমু ট্রেন ও মাইক্রোবাস সংঘর্ষে ১জন নিহত ও ২ শিশুসহ ১০ জন আহত হয়েছেন। আজ সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ওমর ফারুক (৩৫) উপজেলার ফেনুয়া গ্রামের মাস্টার মোখলেছুর রহমানের ছেলে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনোহরগঞ্জ উপজেলার সাইকচাইল গ্রামে বিয়ে করেন একই উপজেলার ফেনুয়া গ্রামের ইয়াকুব আলী। বৌ-ভাত শেষে একটি মাইক্রোবাস যোগে ফিরছিলেন তার প্রতিবেশীরা। মাইক্রোবাসটি উপজেলার কাঁচিতে অবৈধ রেল ক্রসিংয়ে এলে নোয়াখালীগামী ডেমু ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি ছিটকে পাশের পুকুরে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেওমর ফারুক নিহত হন। আহত হন অন্তত ১০ জন। আহতদের মধ্যে ফেনুয়া গ্রামের আবদুল বাতেন (৫০), সহিদ মিয়া(৪০), বেলাল মিয়া(৩৫), তার ছেলে মারুফ(৭) ও আলমগীর হোসেনের ছেলে নাজমুলকে (১০) লাকসামের বিভিন্ন হসপিটালে ভর্তি করা হয়েছে ।
এ প্রসঙ্গে জানতে চাইলে লাকসাম রেলওয়ে থানার ওসি স্বপন কুমার বড়ুয়া জানান, আমরা শুনেছি ১জন নিহত হয়েছে। তবে আমরা হতাহত কাউকে পাইনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেছে বলে শুনেছি ।