
নিউজ ডেস্কঃ যশোরে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরে আত্মসমর্পণকারী তিন নেতাকে আইনি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন খুলনা বিভাগীয় পুলিশের ডিআইজি এস এম মনির-উজ-জামান। তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের আত্মসমর্পণকারী তিন নেতা নিজেদের ভুল বুঝতে পেরেছে। এছাড়া নিজেদের ভুলের জন্য তারা অনুতপ্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান। এজন্য তাদের আইনি সহায়তা দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডিআইজি এস এম মনির-উজ-জামান বলেন, ‘পুলিশ মহাপরিদর্শক মহোদয়ের ঘোষণা অনুযায়ী জঙ্গি পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে আইনি সহায়তা করা হবে। ফলে আমরা আত্মসমর্পণকারীদের অপরাধের ধরণ বিশ্লেষণ করে পুলিশের পক্ষ থেকে আইনি সহায়তা দেব।’
সংবাদ সম্মেলনে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ‘নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের তিন নেতা পুলিশের ঘোষণা শুনে পরিবারের সাথে যোগাযোগ করে। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তারা পুলিশের কাছে আত্মসমর্পণ করে।’
এসপি আরও বলেন, ‘আত্মসমপর্ণকারীদের মধ্যে রায়হানের বিরুদ্ধে একটি মামলা আছে। এছাড়াও জেলা পুলিশের জঙ্গি তালিকায় তার ছবি রয়েছে। তবে বাকি দুইজনের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’