News71.com
 Bangladesh
 11 Aug 16, 06:42 PM
 362           
 0
 11 Aug 16, 06:42 PM

বর্তমান সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় সৌদির নিষেধাজ্ঞা প্রত্যাহার ।। পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বর্তমান সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় সৌদির নিষেধাজ্ঞা প্রত্যাহার ।। পররাষ্ট্র প্রতিমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় সৌদি আরব বাংলাদেশ থেকে জনশক্তি রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ রাজশাহী সিটি কর্পোরেশন চত্বরে বিভাগীয় বনবিভাগ আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন শেষে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, গত ৬ বছর শুধু গৃহকর্মী ছাড়া অন্য কোনো পেশার জনবল নেয়নি সৌদি আরব। কিন্তু সব পেশার জনশক্তি রফতানি করতে বাংলাদেশ এই দীর্ঘ সময় থেকেই সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছিল। অবশেষে গতকাল দেশটির শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ থেকে সব পেশার জনবল নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গতকাল রাতেই দেশটির পররাষ্ট্র মন্ত্রলাণালয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেছে। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ থেকে যে কোনো পেশার মানুষ এখন সৌদি আরব যেতে পারবে। ফলে বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, গতকাল সৌদি আরবের হারাজ বিন কাশেম মানফুহায় নাটোরের নলডাঙ্গা উপজেলার যে ৪জন শ্রমিক কারখানায় দগ্ধ হয়ে মারা গেছে, তাদের লাশ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। যে হাসপাতালে নিহত শ্রমিকদের লাশ আছে, সেখানে বাংলাদেশী দূতাবাসের কর্মকর্তারাও আছেন। আর কারখানায় অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ায় কারখানা কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

তার আগে বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় তিনি বলেন, পরিবেশের উন্নয়নে ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান’ নামে ১০০ বছর মেয়াদি একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। নেদারল্যান্ড সরকার এই প্রকল্পে অর্থ ও কারিগরি সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন। বক্তব্য দেন, রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নান, বিভাগীয় বন কর্মকর্তা ইমরান আহমেদ, বাড়ির ছাদে বাগান সৃজনের জন্য সারাদেশে প্রথম পুরস্কারপ্রাপ্ত নারী রাজশাহীর শামিম আরা প্রমূখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন