
নিউজ ডেস্কঃ বিস্ফোরক আইনে একটি মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৫৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ পরোয়ানা জারি করেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার বিশ্বাস জানান, রিজভী অসুস্থ মর্মে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেছিলেন। কিন্তু বিচারক সময়ের আবেদন নামঞ্জুর করে এ পরোয়ানা জারি করেন।
পরোয়ানা তামিলসংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামী ১৮ই সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। ২০১৩ সালের নভেম্বর মাসে রাজধানীর মতিঝিল থানার কমলাপুর এলাকায় হরতাল কর্মসূচি পালনের সময় ককটেল বিস্ফোরণের অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়।