
নিউজ ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ে পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড যুবলীগকর্মী পাপ্পু মিয়ার (২৩) ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ । আজ সকালে বায়তুল মামুর জামে মসজিদের কাছে সাংবাদিক গফুর সড়ক বাইলেনে শাহজাহান মুন্সি ও শাহজাহানের বাসার মাঝখানে এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
পাপ্পু ৬ নম্বর ওয়ার্ডের রাঘাইচটি এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি ও তার ছোট ভাই যুবলীগের কর্মী ছিলেন। জানা গেছে, রাত ৩টার দিকে এলাকাবাসী গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ১০০ গজ পশ্চিমে ধস্তাধস্তির শব্দ পায়। এ সময় ২-১ রাউন্ড গুলির শব্দও শোনা যায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনাস্থলেই পাপ্পুকে খুন করা হয়েছে। পাপ্পুর বাড়ির ১০০ গজের মধ্যে ঘনবসতিপূর্ণ এলাকায় এ রকম খুনের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সুরতহাল প্রতিবেদক গফরগাঁও থানার এসআই ছাইফুল জানান, নিহতের মাথায় ৩টি ও পেটে একটি ধারালো অস্ত্রের আঘাত আছে। তাছাড়া পা, গলায় আঘাতের চিহ্ন আছে। ওসি মাহবুব আলম জানায়, বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।