News71.com
 Bangladesh
 11 Aug 16, 10:35 AM
 325           
 0
 11 Aug 16, 10:35 AM

খাগড়াছড়িতে ঢিলেঢালাভাবে চলছে দ্বিতীয় দিনের হরতাল ।।

খাগড়াছড়িতে ঢিলেঢালাভাবে চলছে দ্বিতীয় দিনের হরতাল ।।

 

নিউজ ডেস্ক: সংশোধিত পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন অধ্যাদেশ জারির মাধ্যমে গেজেট প্রকাশের প্রতিবাদে খাগড়াছড়িতে ডাকা পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের দ্বিতীয় দিনের সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালা ভাবে চলছে । হরতালে কোথাও হরতালের সমর্থনে পিকেটিং করতে দেখা যায়নি। দূরপাল্লার সড়কে যানবাহন না চললেও শহরে সীমিত আকারে রিকশা ও অটোরিকশা চলতে দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে দোকানপাটও খুলতে শুরু করেছে।

গতকাল সন্ধ্যায় প্রেস রিলিজ দিয়ে আকস্মিকভাবে ফের এ হরতাল আহ্বান করায় সব চেয়ে বেশি দুর্ভোগের শিকার পর্যটকরা। অনেক পর্যটক নৈশকোচে খাগড়াছড়ি এসে গন্তব্যে পৌঁছতে পারছেন না। এ বিষয়ে খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার এম এ সালাহউদ্দিন জানান, হরতালে নাশকতা এড়াতে শহরের বিভিন্ন স্থানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে, হরতাল ডেকে উধাও হয়ে গেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতাকর্মীরা। গতকাল সন্ধ্যায় বাঙালি ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ হরতাল আহ্বানের কথা জানালেও আজ সকালে মাঠে কাউকে পাওয়া যায়নি। এমন কি নেতাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। কারো কারো ফোন বাজলেও ধরেননি।

উল্লেখ্য, গত ১ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ভেটিং সাপেক্ষে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন, ২০১৬ এর খসড়ার নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয় এবং গত মঙ্গলবার তা অধ্যাদেশ জারির মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন