
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকা থেকে লুট হওয়া বিদেশি তুলা সিদ্ধিরগঞ্জের গোদনাইলের নিউ লক্ষ্মী-নারায়ণ কটন মিল সংলগ্ন বাজার থেকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। আজ বুধবার (১০ আগস্ট) দুপুরে সোনারগাঁও থানা পুলিশ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিনের গুদাম থেকে তুলাগুলো উদ্ধার করে। এ সময় মহিউদ্দিনের ছেলে রাজনকে (৩২) আটক করা হয়।
আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বিলুপ্তপ্রায় নিউ লক্ষ্মী-নারায়ণ কটন মিলের পরিচালনা কমিটির উপদেষ্টা।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের বলেন, গত ২৬ জুলাই মোজাদ্দেদ ট্রান্সপোর্টের একটি ট্রাক চট্টগ্রাম বন্দর থেকে ২০ বেল তুলা নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসে। পথে সোনারগাঁও এলাকায় অজ্ঞান পার্টির সদস্যরা চালক ও হেলপারকে অচেতন করে তুলা বোঝাই ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়।
এ ঘটনায় ট্রান্সপোর্ট মালিক মোখলেছুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। সেই লুণ্ঠিত তুলা সিদ্ধিরগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। ওসি আরো জানান, আটক রাজনের দাবি গত মঙ্গলবার লক্ষ্মী-নারায়ণ কটন মিলের স্টাফ কোয়ার্টারের ভেন্ডার আনিসের কাছ থেকে তিনি ওই তুলা ১ লক্ষ ৫০ হাজার টাকায় কিনে রেখেছেন।