News71.com
 Bangladesh
 10 Aug 16, 08:45 PM
 354           
 0
 10 Aug 16, 08:45 PM

বিএনপির কমিটি থেকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সালিমুল হক কামালের পদত্যাগ।।

বিএনপির কমিটি থেকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সালিমুল হক কামালের পদত্যাগ।।

 

নিউজ ডেস্কঃ বিএনপির নতুন কমিটি থেকে পদত্যাগ করেছেন কাজী সালিমুল হক কামাল (ইকোনো কামাল)। গত শনিবার বিএনপির ঘোষিত ৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটিতে সদস্য পদ পেয়েছিলেন তিনি।

আজ বুধবার (১০ আগস্ট) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বরাবর পাঠানো কাজী সালিমুল হক কামালের একটি পদত্যাগ পত্রের অনুলিপি মাগুরায় সাংবাদিকদের কাছে পৌঁছে দেওয়া হয়। তবে তিনি পদত্যাগপত্রে তারিখ উল্লেখ করেছেন আগামী ৮ আগস্ট।

কাজী সালিমুল হক কামাল মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি। তিনি ১৯৯৪ সালে বহুল আলোচিত মাগুরা-২ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন। এরপর ১৯৯৬ ও ২০০১ সালেও তিনি ওই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। জিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কামালও আসামি।

দলীয় সূত্রে জানা যায়, মূলত নিতাই রায় চৌধুরীকে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক করা এবং কেন্দ্রীয় কমিটিতে নিতাই রায়কে ভাইস চেয়ারম্যান করায় ক্ষুব্ধ হন কামাল। পদত্যাগ পত্রেও সেই ইঙ্গিত আছে। কারও নাম উল্লেখ না করে তিনি বলেছেন, ‘দলের নির্বাহী কমিটি দেখে আমি মর্মাহত। এমন একজনকে দলের ভাইস চেয়ারম্যান করা হয়েছে, যিনি ওই পদে উপযুক্ত নন। এক–এগারোর সময় তার ভূমিকা ছিল প্রশ্নবোধক। তারপরও তাকে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক করা হয়।’

গত শনিবার কেন্দ্রীয় কমিটি ঘোষণার পরপরই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন বিএনপির নতুন কমিটির ভাইস চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু। একই দিন কমিটি থেকে নিজের নাম প্রত্যাহার চেয়ে আবেদন করেন সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান। নতুন কমিটি নিয়ে দলের একটি বড় অংশ ক্ষুব্ধ। তাদের অভিযোগ, কমিটিতে তাদের যথাযথ মূল্যায়ন হয়নি। অনেক ক্ষেত্রে জ্যেষ্ঠতাও লঙ্ঘন করা হয়েছে। এ অবস্থায় নতুন কমিটির অনেকেই রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়ার চিন্তা করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন