
নিউজ ডেস্কঃ রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা ও অব্যবস্থাপনার প্রমাণ পেয়েছে সরকার গঠিত তদন্ত কমিটি। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে আদ্-দ্বীন হাসপাতালের দায়িত্বজ্ঞানহীনতা ও অবহেলার বিষয়টি উঠে এসেছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৭ মে ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতক মারা যায়। ঘটনাটিকে সরকার সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটির চূড়ান্ত প্রতিবেদন আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা পড়ে।