
নিউজ ডেস্ক: পারিবারিক বিরোধের জের ধরে পাবনায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। এই ঘটনায় ১ জন নারীসহ আহত হয়েছেন ৪ জন। পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের পালপাড়ায় গতকাল রবিবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি তজিম উদ্দিন মোলা (৬০) ওই গ্রামের মৃত জেহেদ আলী মোল্লার ছেলে।
পরিবারের বরাত দিয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন, দীর্ঘদিন ধরে তজিম উদ্দিন মোল্লার সঙ্গে তার ছোট ভাই বেলাল হোসেন মোল্লার আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিল। এই নিয়ে গতকাল রবিবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়ে। এরই এক পর্যায়ে ছোট ভাই বেলাল হোসেন ধারালো অস্ত্র দিয়ে তার বড় ভাই তজিম উদ্দিনকে এলোপাথাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তখন এই সময় অপর ৩ ভাই ও তাদের স্ত্রীরা এগিয়ে আসলে বেলালের হামলায় তিন ভাই মন্তাজ আলী, মোতালেব হোসেন, মোস্তফা কামাল ও ভাবী মাজেদা খাতুন আহত হন। পরে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
তিনি আরও বলেন, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় আজ সোমবার সকালে পাবনা সদর থানায় মামলা করবেন পরিবারের লোকজন। এই ঘটনার পর থেকে ঘাতক বেলাল পলাতক থাকলেও পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে।