News71.com
 Bangladesh
 25 Jul 16, 02:06 AM
 347           
 0
 25 Jul 16, 02:06 AM

হজের বিষয়ে কোনো অনিয়ম হলে জিরো টলারেন্স প্রদর্শন করা হবে ।।ধর্ম মন্ত্রণালয়

হজের বিষয়ে কোনো অনিয়ম হলে জিরো টলারেন্স প্রদর্শন করা হবে ।।ধর্ম মন্ত্রণালয়

 

নিউজ ডেস্কঃ ২০১৬ সালের পবিত্র হজের বিষয়ে কোনো ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে জিরো টলারেন্স প্রদর্শনের বিষয়ে ঐকমত্য পোষণ করেছে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি । গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০তম বৈঠকে কমিটির সকল সদস্যরা এই ঐক্যমত পোষণ করেন। কমিটির সভাপতি বজলুল হক হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মোঃ আসলামুল হক, এ কে.এম.এ আউয়াল (সাইদুর রহমান), সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মোঃ মকবুল হোসেন, মোহাম্মদ আমির হোসেন এবং দিলারা বেগম অংশগ্রহণ করেন ।

বৈঠকে হজের সর্বশেষ অবস্থা সম্পর্কে পর্যালোচনা করা হয় এবং হজ সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য মন্ত্রণালয় ও সংসদীয় কমিটি একসাথে কাজ করার দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করে। এছাড়াও হাব সমন্বয় পরিষদের ব্যানারে যে সকল এজেন্সি ২০১৬ সালের হজ বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় বিবৃতি দিয়ে পবিত্র হজ কার্যক্রমকে বিতর্কিত করার অপপ্রয়াস গ্রহণ করেছে মন্ত্রণালয়কে তাদের বৈধতা ও আইনগত ভিত্তি খতিয়ে দেখার এবং তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় ।

কমিটির বৈঠকে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতিকে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। একই সাথে ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্যদেরও জবাবদিহিতার বিষয়টি জড়িত থাকায় এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক এককভাবে সিদ্ধান্ত না নিয়ে ধর্ম মন্ত্রণালয়সহ স্থায়ী কমিটিকে এর সাথে সম্পৃক্ত করার জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি ।

বৈঠকে দেশের সকল মসজিদে পবিত্র জুমআর দিনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সরবরাহকৃত জঙ্গীবাদবিরোধী খুতবাহ পাঠ বিষয়ে আলোচনা হয় এবং খুতবাহে জঙ্গিবাদ বিষয়ে ইসলাম ধর্মের মর্মবাণীসহ দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভুতির বিষয়গুলো অন্তর্ভুক্ত করা উচিত মর্মে অভিমত প্রকাশ করা হয়। ১৯তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন সভায় উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় ।

বৈঠকের শুরুতে গুলশানের হলি আর্টিজান বেকারি, শোলাকিয়া ঈদগাহ ময়দান, পবিত্র মক্কা ও মদিনা মনোয়ারাতে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে তাদের আতার মাগফিরাত ও শান্তি কামনা করে মোনাজাত ও ১ মিনিটি নীরবতা পালন করা হয়। বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আব্দুল জলিল, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন