
নিউজ ডেস্কঃ আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, 'বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে দেয়া রায়ের বিরুদ্ধে আপীল করে সুবিধা করতে পারবে না জেনেই বিএনপি আইনী লড়াইয়ের পরিবর্তে তা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাচ্ছে।'
আদালতের রায়ে তারেক রহমান দুর্নীতিবাজ উল্লেখ করে তিনি বলেন, 'নিম্ন আদালতের রায়কে প্রভাবিত করার জন্য বিচারককে ঘুষ প্রদান করেছিলেন। নিম্ন আদালতের ওই বিচারক এখনো বিদেশে পালিয়ে রয়েছেন।' উচ্চ আদালতের রায় রাজনৈতিকভাবে মোকাবেলা করার কোন সুযোগ নেই উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, 'রাজনৈতিকভাবে তারেক রহমানের বিরুদ্ধে দেয়া রায়কে মোকাবেলা করার নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে জনগণকে নিয়ে তার সমুচিত জবাব দেয়া হবে।
মাহবুব-উল-আলম হানিফ আজ রবিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠনসমূহের সাথে এক যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। জাতীয় শোক দিবস ও আগস্ট মাসের কর্মসূচী নির্ধারণের জন্য আওয়ামী লীগের এ যৌথ সভা অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা.দীপুমণি এমপি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড.আব্দুর রাজ্জাক এমপি সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, 'বিএনপি নেতা তারেক রহমানকে আইনের মাধ্যমেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। রাজনৈতিকভাবে তা মোকাবেলার কোন সুযোগ নেই।' তারেক রহমান মুচলেকা দিয়ে বিদেশে চলে গেছেন উল্লেখ করে এ বিষয়ে আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, 'তিনি আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবী করতে পারেন।'
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তৃনমূল পর্যায়ে আওয়ামী লীগের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কমিটি গঠনের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে হানিফ বলেন, কেন্দ্রীয় ১৪ দল বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে নিয়ে এ কমিটি গঠন করছে। তাই একটু বেশি সময় লাগছে।' এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে বলে তিনি জানান।