
নিউজ ডেস্কঃ নওগাঁর মান্দা উপজেলায় আরাফাত হোসেন (৬) নামের এক শিশুকে আগুনে পুড়িয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার দুপুরে উপজেলার শ্রীরামপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎমা সাথী আক্তারকে (২২) আটক করেছে পুলিশ। নিহত আরাফাত ওই গ্রামের মকলেছুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, শিশুটির আপন মা আঙ্গুরী বিবিকে প্রায় আড়াই বছর আগে তালাক দেওয়া হয়। এরপরে প্রায় এক বছর আগে শ্রীরামপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের মেয়ে সাথী আক্তারকে দ্বিতীয় বিয়ে করেন বাবা মকলেছার রহমান। সৎ মায়ের সংসারেই শিশু আরাফাত বেড়ে উঠছিল।
নিহত আরাফাতের দাদি জাহেরা বিবি জানান, রবিবার সকালে নাতি আরাফাতকে সুস্থ অবস্থায় রেখে তিনি গোবিন্দপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখানে দুপুরে তিনি আরাফাতের মৃত্যুর সংবাদ জানতে পারেন। তিনি আরো জানান, নিহত আরাফাতের বাবা মকলেছুর রহমান স্থানীয় সতীহাট বাজারের সাহাবুদ্দীনের ফার্নিচারের কারখানায় কাজ করছিলেন। প্রতিবেশি এক যুবকের মাধ্যমে তিনি ছেলের মৃত্যুর সংবাদ জানতে পারেন।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, দুধের তৈরি ক্ষীরের সাথে বিষ মিশিয়ে শিশুটিকে হত্যার পর আগুনে পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থাসহ জিজ্ঞাসাবাদের জন্য সৎ মাকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি ।