
নিউজ ডেস্কঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্তের বেলতলাপাড়া ও নাজিরাকোনা নামক স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ১০৫ এর কাছে বেলতলা এলাকায় বিজিবি ও বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় ।
বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন ৬ ব্যাটালিয়ন মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার মো. তোফাজ্জল হোসেন এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের শুটিয়া ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর ইয়াদব ।
অপরদিকে, একই উপজেলার নাজিরাকোনা সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৯ এর কাছে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন নাজিরাকোনা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. মোসলেম উদ্দিন এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের পাথরঘাটা ক্যাম্প কমান্ডার এসআই এলসি ব্রহ্মন ।
৬ ব্যাটালিয়ন চুয়াডাঙ্গা বিজিবি সেক্টরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহম্মদ আমির মজিদ জানান, আজ বেলা ১০টা থেকে শুরু হয়ে পৌনে ১১টা পর্যন্ত উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হয়। এতে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত থেকে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশি/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয় ।