
নিউজ ডেস্কঃ মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক মনিরুল ইসলামের গাংনীর বাড়ির গোয়াল ঘরের ছাদের উপর থেকে চারটি হাতবোমা ও ১৬ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার দিবাগত মধ্যরাতে গাংনী শহরের ৮নম্বর ওয়ার্ডের বাগান পাড়ায় শ্রমিক নেতা মনিরুল ইসলাম মনির বাড়ির গোয়াল ঘরের টিনের ছাউনির উপর থেকে এগুলো উদ্ধার করে ডিবি পুলিশের টিম।
পুলিশ সুপার হামিদুল আলম জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী শহরে শ্রমিক নেতা মনির বাড়ির পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি বোমা ও ১৬ পিস ইয়াবা উদ্ধার করে ডিবির একটি টিম। বোমাগুলো নিস্ক্রিয় করার জন্য ডিবি কার্যালয়ে পানি ভর্তি বালতিতে রাখা আছে।
তিনি আরো জানান, কেউ মনিরুল ইসলামকে ফাঁসানোর জন্য এগুলো রেখে যেতে পারে বলে মনে হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।