News71.com
 Bangladesh
 24 Jul 16, 12:23 PM
 391           
 0
 24 Jul 16, 12:23 PM

কলেজ জাতীয়করণের দাবিতে সারাদেশে ছাত্র শিক্ষকদের আন্দোলন অব্যাহত

কলেজ জাতীয়করণের দাবিতে সারাদেশে ছাত্র শিক্ষকদের আন্দোলন অব্যাহত

নিউজ ডেস্কঃ কলেজ জাতীয়করণের দাবিতে বিভিন্ন স্থানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধন, আলোচনা সভা, ইউএনও অফিস ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। গতকালও উখিয়ার অনার্স কলেজ জাতীয়করণের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজারের উখিয়া অনার্স কলেজ জাতীয়করণের দাবিতে শিক্ষার্থী ও শিক্ষক, কর্মচারীরা গতকাল শনিবার সকাল ১১টার দিকে অনার্স কলেজ গেট সংলগ্ন প্রধান সড়কে মানববন্ধন করেছে। প্রায় ৪৫ জন শিক্ষক কর্মচারী দিয়ে পরিচালিত এ অনার্স কলেজে প্রায় আড়াই হাজারেরও অধিক ছাত্রছাত্রী অধ্যয়নরত রয়েছে। এ সময় বক্তব্য রাখেন অনার্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম ফজলুল করিম, ছাত্রদের মধ্যে আলমগীর কবির নিশা ও সায়েদুল আমিন টিপু প্রমুখ।

বাবুগঞ্জ কলেজ সরকারিকরণের দাবিতে বিক্ষোভ

বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজ সরকারিকরণের সব শর্ত পূরণ করার পরও সরকারিকরণ না হওয়ায় চতুর্থ দিনের মতো পালিত হয়েছে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি। সরকারিকরণের দাবিতে কলেজের ছাত্র-শিক্ষক ও অভিভাবকরা শনিবার ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও পথ সভার কর্মসূচি পালন করে।

বিক্ষোভ মিছিলটি কলেজ চত্বর থেকে শুরু করে বাবুগঞ্জ প্রেস ক্লাবের সামনের মীরগঞ্জ-বরিশাল সড়ক অবরোধ করে। ফলে রাস্তার দুই পাশে যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন আটকে গিয়ে যানজটের সৃষ্টি হয়। এ সময় সংক্ষিপ্ত ভাবে বক্তব্য রাখেন অধ্যক্ষ আক মো. মিজানুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান খালেদা ওহাব, সাবেক প্রধান শিক্ষক মো. নুর মোহাম্মাদ, মো. ইসাহাক মাস্টার, এম মতিউর রহমান প্রমুখ।

আটপাড়া কলেজ সরকারিকরণের দাবিতে ইউএনও অফিস ঘেরাও

নেত্রকোনার আটপাড়া উপজেলার আটপাড়া কলেজকে সরকারিকরণের দাবিতে গতকাল শনিবার শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসী মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছেন। দুপুরে উপজেলা চত্বরে সর্বস্তরের লোকজনের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, আটপাড়া প্রেসক্লাব, ছাত্র লীগসহ এলাকার জনগণ এ মানববন্ধনে অংশ নেন। পরে ইউএনও অফিসও ঘেরাও করা হয়।

পরে মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিরঞ্জন পাল সৈকত, অধ্যাপক মানিক রায়, অধ্যাপক তপন সাহা, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম বাচ্চু, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম খান, জিয়াউল হক। বক্তারা আটপাড়া কলেজকে সরকারিকরণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

কসবা টি.আলী ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে মতবিনিময় সভা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার টি.আলী ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে গত শুক্রবার সকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মো. তাফাজ্জল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এর সহকারী একান্ত সচিব ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কাউছার ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানী, কসবা পৌরসভার মেয়র মো. এমরান উদ্দিন।

 

এতে বক্তব্য রাখেন কসবা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, কায়েমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী ভুঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, পাক্ষিক অপরাধপত্র সম্পাদক খ. ম হারুনুর রশিদ ঢালী, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো. মনির হোসেন, সাবেক সদস্য কাজী মনিরুল হক জাহাঙ্গীর প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন