
নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুর জেলার রায়পুরে বাবা মোস্তফা কামাল (৬০) ও ছেলে মো. কাজলকে (৩৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এসময় তাদের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে দাবি করেন আহতরা। গত শনিবার দিবাগত রাতে রায়পুর ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে বাড়ি যাওয়ার পথে পুরাতন পৌরসভার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
তারা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রবিবার সকালে আহত ব্যবসায়ী মো. মোস্তফা কামাল থানা পুলিশকে ঘটনাটি মৌখিক ভাবে অবহিত করেন।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, পৌর শহরের প্রধান সড়কে গ্যাস সিলিন্ডারের ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেরে শনিবার দিবাগত গভীর রাতে বাড়ি যাওয়ার পথে পুরাতন পৌরসভার কার্যালয়ের সামনে পৌঁছলে ৫-৬ জন দুর্বিত্ত দেশীয় অস্ত্র নিয়ে বাবা ও ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এসময় তাদের সঙ্গে থাকা দোকানের প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় মর্ডান ক্লিনিকে ভর্তি করে। তবে বাড়ির পূর্বের বিরোধ নিয়েও এ ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করেন এলাকাবাসী।
রায়পুর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ঘটনাটি থানা পুলিশকে মৌখিকভাবে অবহিত করেছেন আহতরা। ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।