
নিউজ ডেস্ক: পটুয়াখালীর কুয়াকাটার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ মাগুরার কলেজ ছাত্র প্লাবন আহমেদের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৬টার দিকে কুয়াকাটা সংলগ্ন সাগরের ১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নুরুজ্জামাল নামের এক জেলের জালে প্লাবনের লাশ উঠে আসে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের এএসপি মীর ফসিউর রহমান এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের মো. মোশারেফ হোসেনের পুত্র কলেজ ছাত্র প্লাবন তার বন্ধু নেওয়াজের সাথে গতকাল শুক্রবার দুপুরে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর আজ শনিবার সকালে এক জন জেলের জালে তার লাশ উঠে আসে।
উল্লেখ, গত বৃহস্পতিবার নেওয়াজ ও প্লাবন দুই বন্ধু কুয়াকাটায় বেড়াতে আসেন। এরপর গতকাল শুক্রবার দুপুরে দুই বন্ধু সাগরে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে প্লাবন নিখোঁজ হয়। প্লাবন আহমেদ মাগুরা হোসেন শহীদ সরওয়ারর্দী কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।