
নিউজ ডেস্ক: কক্সবাজার সদরে একজন যুবক অজ্ঞাত হামলাকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তিনি বান্দরবানের একটি ইউনিয়নের তথ্যসেবা কেন্দ্রের এক উদ্যোক্তা। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও ইউনিয়নের চান্দেরঘোনায় তার লাশ পাওয়া যায়।
জানা গেছে, নিহত ব্যক্তি মিজানুর রহমান (২৮) ঈদগাঁও ইউনিয়নের ঢালার দুয়ারের মোহাম্মদ হোসনের ছেলে। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা।
ঈদগাঁও পুলিশ ফাঁড়ির এসআই মিনহাজ মাহামুদ বলেন, ''গতকাল শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও ইউনিয়নের চান্দেরঘোনার সরিয়াপাড়ায় নালায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের পিঠে কয়েকটি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।'' তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে পুলিশ তা খতিয়ে দেখছে।