
নিউজ ডেস্কঃ জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও এক নারী। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের পাথালিয়া গ্রামের ছাতার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জামালপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান।
নিহতরা হলেন- পাথালিয়া ছাতার মোড়ের মমিন আলী গেন্দার স্ত্রী হাসনা বেগম (৪৫) ও সাগর আলীর স্ত্রী মর্জিনা বেগম (৪৪)।
আহত নুরজাহান বেগমকে (৪৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একই এলাকার লুৎফর রহমানের স্ত্রী।
পরিদর্শক রফিকুল বলেন, সকালে হাসনা বেগম ঘরের চালের সঙ্গে থাকা জিআই তারে ভিজা কাপড় শুকাতে দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে স্পৃষ্ট হন পাশের বাড়ির মর্জিনা বেগম ও নুরজাহান বেগম।
এতে ঘটনাস্থলেই হাসনা ও মর্জিনার মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় নুরজাহানকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল ও পরে ময়মনসিংহে পাঠানো হয়।
পরিদর্শক রফিকুল বলেন, ওই বাড়ির বিদ্যুতের তার থেকে বাড়ির টিনের চাল এবং কাপড় শুকানোর জিআই তার বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।