
নিউজ ডেস্ক: আগামী রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট ডেকেছে ছাত্রদল। অর্থপাচারের দায়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ৭ বছরের জেল ও ২০ কোটি টাকা জরিমানা করে আদালতের দেওয়া রায়ের প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রদল।
কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি নাজমুল হাসান এই বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ দুদকের আপিল গ্রহণ করে এই রায় দেন।
আর এর আগে এই মামলায় ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত। তার একই সঙ্গে তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে অর্থপাচার মামলায় ৭ বছরের কারাদণ্ড ও ৪০ কোটি টাকা জরিমানা করা হয়। পাচার করা ২০ কোটি ৪১ লক্ষ ২৫ হাজার ৬১৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দেন আদালত।