
নিউজ ডেস্ক: আজ বৃহস্পতিবার দুপুরে শাবিপ্রবি শিক্ষক সমিতি আয়োজিত জঙ্গিবিরোধী র্যালি শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশে জনপ্রিয় লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘কেউ যেন বাংলাদেশকে নিয়ে অথবা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে হতাশ না হয়। আমরা ক্রদ্ধ হতে পারি, রাগ হতে পারি কিন্তু হতাশ হলে চলবে না। চুপচাপ থকালে কিন্তু হয় না। আমার মনের ভিতর আছে যে আমি জঙ্গিবাদকে ঘৃণা করি,কিন্তু আমি যদি প্রকাশ না করি তাহলে কিন্তু এটাকে এক প্রকার সমর্থন করাই হয়। বাংলাদেশের মানুষ কখনোই জঙ্গিবাদকে স্থান দিবে না।’
তিনি আরও বলেছেন, ‘হাজার হাজার বছর ধরে আমরা ঐতিহ্যগতভাবে কিন্তু শান্তিপ্রিয় এবং আমরা কখনোই কোন ধরনের এক্সট্রিমিজম সহ্য করি না। যারা জঙ্গিবাদ তৈরি করছে তারাও এটা জানে। তারা সারা পৃথিবীর সামনে আমার বাংলাদেশের মুখটাকে হেয় করবে এবং এটাই তাদের উদ্দেশ্য। এই জন্যই তারা কিছু কিছু ছেলেকে জোগাড় করে এই সব করাচ্ছে। আমাদের সবার এর বিরুেদ্ধ যার যতটুকু করার আছে, আমাদের তাই করতে হবে।’
শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ সামসুল আলমের সভাপতিত্বে এবং মুহিবুল আলমের সঞ্চালনায় জঙ্গিবিরোধী সমাবেশে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড.রাশেদ তালুকদার, সাজেদুল করিম, ফারুক উদ্দিন, আকতারুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, ড.মো. ইউনুস প্রমুখ।