
নিউজ ডেস্ক: রূপালী ব্যাংকের ১ লক্ষ ৫০ হাজার টাকা আত্মসাতের দায়ে ব্যাংকটির ২ জন কর্মকর্তাসহ ৩ জনেক তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমীন। আর একই রায়ে প্রত্যেককে ৪৯ হাজার ৪৪০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ বৃহস্পিতবার বিকেলে আসামিদের অনুপস্থিতে বিচারক এই রায় দেন।
দণ্ডিত ব্যক্তিরা হলেন, রূপালী ব্যাংক খাতুনগঞ্জ শাখার তৎকালীন ব্যবস্থাপক একেএম লুৎফুল করিম, হিসাব রক্ষক আবু কায়সার চৌধুরী ও গ্রাহক অমরেশ চন্দ্র দাশ।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, বিগত ১৯৯৫ সালের নভেম্বর মাসে দণ্ডিত আসামিরা রূপালী ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় জালিয়াতির মাধ্যমে পরষ্পরের যোগসাজশে ১ লক্ষ ৪৮ হাজার ৬৩৩ টাকা আত্মসাৎ করেন।
এই অভিযোগ প্রাথমিক তদন্ত শেষে একই বছরের ৩০ নভেম্বর কোতোয়ালি থানায় এই ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর সহকারি পরিচালক রইছ উদ্দিন। তদন্ত শেষে ১৯৯৮ সালের ১২ ফেব্রুয়ারি তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দেয় দুদক। ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।