
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের কুনার ও হেলমান্দ প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে দুই ডজন মানুষ নিহতের তথ্য পাওয়া গেছে। তবে ৯ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে আফগান তালেবান সরকার। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামলায় আরও ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার তিনটি বাড়িতে এসব হামলা চালানো হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান মুজাহিদ। তিনি হামলার নিন্দা জানিয়ে একে আগ্রাসন ও অপরাধ হিসেবে উল্লেখ করেন।
এদিকে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসীদের দুটি আস্তানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব হামলা চালানো হয়েছে। মন্ত্রণালয়ের দাবি, হামলায় ২২ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।এক বিবৃতিতে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এসব আস্তানায় মজুত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে হামলায় হতাহতের বিষয়ে পাকিস্তান ও আফগান তালেবান সরকারের পরস্পরবিরোধী দাবির কোনোটিই স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।