
আন্তর্জাতিক ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক গোপন সফরটি ছিল মাত্র ছয় ঘণ্টার। এ সংক্ষিপ্ত সফরে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে তার আলোচনার প্রধান বিষয় ছিল ইরান। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুসালেম পোস্ট একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই বৈঠকের আগে কয়েক সপ্তাহে দুই নেতার মধ্যে একাধিকবার টেলিফোনেও কথা হয়। আসন্ন নির্বাচনের আগেই একটি বৈঠকের আয়োজন করতে আমিরাত কর্তৃপক্ষের ওপর তীব্র চাপ সৃষ্টি করেছিলেন নেতানিয়াহু। সেই চাপের মুখেই শেষ পর্যন্ত রোববার এই সফর অনুষ্ঠিত হয়। বিষয়টি সম্পর্কে অবগত আমিরাতের কর্মকর্তারা এ চাপকে ‘অস্বাভাবিক রকমের তীব্র’ বলে উল্লেখ করেছেন। তারা জানান, ঘন ঘন ফোনকল, নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের তৎপরতা এবং ভবিষ্যতে নিরাপত্তা সহযোগিতার নানা পরোক্ষ ইঙ্গিত দেওয়ার মাধ্যমে এই চাপ সৃষ্টি করা হয়।