News71.com
 Bangladesh
 05 Apr 21, 10:34 PM
 226           
 0
 05 Apr 21, 10:34 PM

পরবর্তী টিকাদান কার্যক্রম নিয়ে সরকারের ৬ নির্দেশনা॥

পরবর্তী টিকাদান কার্যক্রম নিয়ে সরকারের ৬ নির্দেশনা॥

নিউজ ডেস্কঃ কোভিড ১৯ এর পরবর্তী টিকাদান কার্যক্রম সংক্রান্ত ছয়টি দিক নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল রবিবার (৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ এর টিকা প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ডিপ্লয়মেন্ট কোর কমিটির সভায় পরবর্তী টিকাদান কার্যক্রম সংক্রান্ত ছয়টি দিক নির্দেশনা নির্ধারিত হয়েছে। নির্দেশনাগুলো হলো-

১. আগামী ৮ এপ্রিল থেকে দেশব্যাপী দ্বিতীয় ডোজ করোনা টিকা দেওয়ার পাশাপাশি প্রথম ডোজ টিকাদান অব্যাহত রাখতে হবে।

২. ৫ এপ্রিল থেকে প্রথম ডোজের পাশাপাশি দ্বিতীয় ডোজ টিকার তারিখ এসএমএস দিয়ে জানানো যাবে। এসএমএসে উল্লেখ করা তারিখ অনুযায়ী প্রথম ডোজ নেওয়ার কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে।

৩. আগামী ৬ এপ্রিল থেকে বেক্সিমকোর সহায়তায় দেশব্যাপী টিকা পরিবহন শুরু করতে হবে। জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কমিটির কাছে টিকা পৌঁছে দেওয়া হবে।

৪. রোজার মাসে টিকাদান কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

৫. লকডাউনে টিকাদান কার্যক্রম অব্যাহত রাখতে হবে। টিকা কার্ড সঙ্গে রেখে রিকশা বা ব্যক্তিগত যানবাহন নিয়ে টিকা গ্রহীতারা কেন্দ্রে যেতে পারবেন।

৬. টিকা নিতে জনগণকে উদ্বুদ্ধ করতে মসজিদের মাইক, ক্যাবল টিভি ইত্যাদি ব্যবহারসহ বিভিন্নভাবে প্রচার প্রচারণার ব্যবস্থা করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন