
নিউজ ডেস্কঃ ৫৫ বছর বয়সী বাংলাদেশি শাহেদ আহমেদ আবুধাবির আল আইন এলাকায় থাকেন। একটি গ্যারেজের মালিক তিনি। ৩৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে র্যাফেল ড্র ‘বিগ টিকিট’–এ অংশ নিয়ে আসছেন তিনি। অবশেষে এত দিন পর তার কপাল খুললো। গতকাল শনিবার এই র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার এক কোটি দিরহাম জিতেছেন প্রবাসী এই বাংলাদেশি। যা বাংলাদেশি মুদ্রায় ২৩ কোটি টাকারও বেশি। খবর গালফ নিউজের।
শাহেদ আহমেদ বলেন, ‘আমি খুব খুশি। এই প্রথম আমি জিতেছি। টিকিটটি আমি নিজেই কিনেছি। এতে কারও অংশ নেই। আমাদের জীবনই পাল্টে যাবে।’ শাহেদ আহমেদ জানান, এই অর্থ দিয়ে তিনি দেশে থাকা তার স্ত্রী, তিন মেয়েকে নিজের কাছে নিয়ে আসতে চান। এ ছাড়া দেশে একটি বাড়ি করারও ইচ্ছা আছে তার। আবুধাবির ব্যবসা বড় করবেন, ছেলের পড়াশুনায় খরচ করবেন। শাহেদ আহমেদের বাড়ি চট্টগ্রামে। ১৫ বছর বয়সে আবুধাবিতে পাড়ি জমান তিনি। প্রায় ৪০ বছর ধরে সেখানে আছেন। আবুধাবিতে তার সঙ্গে তার এক ছেলে (২৫) থাকেন।