
নিউজ ডেস্কঃ ঝড়ে রাজশাহীতে সড়ক ডিভাইডারে থাকা সড়কবাতির অন্তত ৮৬টি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় ৪০টি খুঁটি মাটি স্পর্শ করেছে। আর ৪৬টি খুঁটি হেলে পড়েছে। আজ রবিবার বিকালে বাতাসের ৬৫ কিলোমিটার গতিবেগের ঝড়ে নগরীর বিলশিমলা-কাশিয়াডাঙ্গা সড়কে এ ঘটনা ঘটেছে। মাত্র তিন মাস আগেই বাতিগুলো বসানো হয়েছিল। খুঁটিগুলোর উপরের অংশে প্রজাপতির মতো ডানা মেলে থাকা দুইপাশে দুটি করে এলইডি বাতি লাগানো হয়। এ কারণে সড়কটি রাজশাহীর ‘প্রজাপতি সড়ক’ নামে পরিচিতি পেয়েছে। গত ২৭ জানুয়ারি সড়ক বাতিগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক এসএম রেজোয়ানুল হক জানিয়েছেন, আজ ৩টা ৫৫ মিনিটে ধূলিঝড় শুরু হয়। নগরীর বিনোদপুর এলাকায় যেখানে আবহাওয়া অফিস, সেখানে ধূলিঝড় স্থায়ী ছিল ৪টা ২৫ মিনিট পর্যন্ত। তবে নগরীর অন্যান্য এলাকায় বিকাল সাড়ে ৫টা পর্যন্ত দমকা হাওয়া বইছিল। ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৫ কিলোমিটার। এই ঝড়েই সড়কবাতির খুঁটি পড়ে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে রাসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ ও যান্ত্রিক) রেয়াজাত হোসেন রিটু বলেন, ঝড়ের কারণে খুঁটিগুলো হেলে পড়েছে। কিছু পড়ে গেছে। আমাদের ওয়ারেন্টির সময় আছে। ঠিকাদারী প্রতিষ্ঠান নিজ দায়িত্ব আবার সব ঠিক করে দেবে।