
নিউজ ডেস্কঃ মাছ দিয়ে মশা নিধনের পদ্ধতি উদ্ভাবন করে সাফল্য পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. হারুনুর রশীদ। জৈবিক পদ্ধতিতে মশার উৎপত্তিস্থলে মাছ চাষের মাধ্যমে মশা নিধনে সফলতা পাওয়া গেছে। আজ রবিবার (৪ এপ্রিল) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। এসময় তিনি তার গবেষণার কথা তুলে ধরেন। কেবল দেশি প্রজাতির মাছ দিয়েই মশা নিধন সম্ভব বলেও জানান ওই গবেষক।
তিনি বলেন, ‘জৈবিক উপায়ে মশা নিধন করার জন্য ২০১৭ সালে চট্টগ্রামে একটি গবেষণা শুরু হয়। উদ্দেশ্য ছিল মশা নিধনের জন্য (মশক লার্ভা ভক্ষণ) দেশি জাতের কিছু মাছের সঙ্গে বিদেশি জাতের মাছের দক্ষতা তুলনা করা। এটি করতে গিয়ে আমরা চট্টগ্রামের বিভিন্ন ড্রেন ও নর্দমার নোংরা পানিতে প্রচুর পরিমাণ ‘মসকুইটো ফিশ’ পেয়েছি এবং এরা এই নোংরা পানিতে খুব ভালো মতোই বেঁচে থাকতে পারে। তাদের পেট কেটে দেখেছি প্রচুর পরিমাণে মশার লার্ভা। এই মাছটি কিছুটা আমাদের দেশি দাড়কিনা মাছের মতো দেখতে এবং শহরের অ্যাকোরিয়াম শপগুলোতে বিক্রি হয়।’