
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল- ২০২১ সহ তিনটি বিল উত্থাপন করা হয়েছে। উত্থাপিত অন্য বিল দুটি হলো- বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড নিবন্ধন ও পরিচালনা বিল- ২০২১ এবং শিশু দিবাযত্ন কেন্দ্র বিল- ২০২১। বিল তিনটি উত্থাপন করেন যথাক্রমে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন্নেছা। মোংলা পোর্ট অথরিটি অধ্যাদেশ রহিত করে মোংলা বন্দরের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকরভাবে পরিচালনা ও অন্যান্য আনুসাঙ্গিক বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করে মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল- ২০২১ উত্থাপন করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে আগামী ২ মাসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
দেশের পর্যটন শিল্পের বিকাশ ও উন্নয়নে এর কার্যকর পরিচালনায় সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করে বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড নিবন্ধন ও পরিচালনা বিল, ২০২১ উত্থাপন করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে আগামী এক মাসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।শিশুদের দিবাকালীন যত্ন, পরিচর্যায় সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে শিশু দিবাযত্ন কেন্দ্র প্রতিষ্ঠাসহ এ বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করে শিশু দিবাযত্ন কেন্দ্র বিল- ২০২১ উত্থাপন করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে আগামী ২ মাসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।