
নিউজ ডেস্কঃ দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী সোমবার (০৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। লকডাউনে মালবাহী ছাড়া যাত্রীবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। শনিবার (০৩ এপ্রিল) বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লকডাউনের কারণে সোমবার সকাল ৬টা থেকে সারা দেশের সব ধরনের যাত্রীবাহী নৌযান বন্ধ থাকবে। তবে মালবাহী জাহাজ চলাচল করবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, শিল্প কারখানা খোলা রেখে সোমবার কিংবা মঙ্গলবার থেকে সারা দেশে একযোগে লকডাউন দেওয়ার বিষয়ে কাজ চলছে। সন্ধ্যায় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলেও জানান তিনি।