
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় বগুড়ার মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরসহ চারটি প্রত্নস্থল বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) বিকেলে প্রত্নতত্ত্ব অধিদপ্তর (রাজশাহী এবং রংপুর বিভাগ) এর আঞ্চলিক পরিচালক ড. নাহিদা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। বন্ধ ঘোষণা করা প্রত্নস্থলগুলো হলো- বগুড়ার মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর, গোবিন্দ ভিটা, জাহাজঘাটা ও সদরের গোকুলে অবস্থিত বেহুলার বাসরঘর খ্যাত গোকুল মেধ।
এর আগে বৃহস্পতিবার (১ এপ্রিল) জেলা প্রশাসক এক গণবিজ্ঞপ্তি জারি করেন। এতে পর্যটন, বিনোদনকেন্দ্র, সিনেমা হল, থিয়েটার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব প্রত্নস্থল বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক জিয়াউল হক। প্রত্নতত্ত্ব অধিদপ্তর (রাজশাহী এবং রংপুর বিভাগ) এর আঞ্চলিক পরিচালক ড. নাহিদা সুলতানা বলেন, দেশে করোনা সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় জেলা প্রশাসনের নির্দেশে প্রত্নস্থলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব প্রত্নস্থল বন্ধ থাকবে।