
নিউজ ডেস্কঃ ইমামকে অব্যাহতি দেওয়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বন্দরে একটি মসজিদে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও মসজিদের মোতাওয়াল্লিসহ ছয়জন। শুক্রবার (২ এপ্রিল) দুপুরে জুমার নামাজের পূর্বে উপজেলার সোনাকান্দা কিল্লা জামে মসজিদের ভেতর এই ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, ইমামকে কেন্দ্র করে মসজিদে কয়েকদিন যাবত চলমান উত্তেজনার বিষয়টি পুলিশ অবগত ছিল। ইমামকে অব্যাহতি দেওয়াকে কেন্দ্র করে সেখানে একটি প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও সংঘাত ঠেকাতে ব্যর্থ হন তারা।
পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর অঞ্চলের ২১ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা কিল্লা জামে মসজিদে দুই পক্ষের বিবাদ দীর্ঘদিনের। একটি পক্ষ মসজিদের ইমাম মুফতি সাইফ উল্লাহকে অব্যাহতি দিতে চায় এবং অন্য আরেকটি পক্ষ তাকে মসজিদে রাখতে চায়। এ নিয়ে দুই মাস পূর্ব থেকে দুই পক্ষের মধ্যে বিবাদ চলমান ছিল। সম্প্রতি মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দোয়া পড়ানোকে কেন্দ্র করে ইমামের সাথে প্রতিপক্ষের পুনরায় তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে মসজিদের ইমামকে অব্যাহতি দেওয়ার দাবি ওঠে। এ নিয়ে মসজিদের মোতাওয়াল্লি সিরাজ মুন্সি ও মসজিদ কমিটির সভাপতি মো. এবায়েদ উল্লাহ পাল্টাপাল্টি অবস্থান নেন।