News71.com
 Bangladesh
 02 Apr 21, 07:39 PM
 261           
 0
 02 Apr 21, 07:39 PM

৮ মাসের মেয়ে শিশুকে বিমানবন্দরে ফেলে পালালেন সৌদিপ্রবাসী এক নারী

৮ মাসের মেয়ে শিশুকে বিমানবন্দরে ফেলে পালালেন সৌদিপ্রবাসী এক নারী

নিউজ ডেস্কঃ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনালের ভেতরে আট মাসের একটি দুগ্ধপোষ্য মেয়ে শিশুকে ফেলে পালিয়েছেন তার মা। ফেলে যাওয়া শিশুটিকে বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য উদ্ধার করেন। পরে এপিবিএনের নারী সদস্যরা মেস থেকে দুধ এনে খাওয়ালে শিশুটির কান্না থামে। শুক্রবার (২ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। সিসি ক্যামেরার ফুটেজ চেক করে ও অনুসন্ধান করে পুলিশ জানতে পারে, সৌদি আরব থেকে আসা এক নারী যাত্রী শিশুটিকে বিমানবন্দরে ফেলে গেছেন। শিশুটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তার পরিবারের অনুসন্ধান করা হচ্ছে।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, রাত ২টায় (২ এপ্রিল) সৌদি আরব থেকে এক নারী বাংলাদেশে আসেন। ৫ নম্বর বেল্ট থেকে মালামাল সংগ্রহ করেন তিনি। তার সঙ্গে একটি শিশু ছিল। তিনি সকাল পর্যন্ত বেল্ট এরিয়ায় ছিলেন। সকাল ৮টার দিকে সেই নারী বাচ্চাটিকে বিমানবন্দরে রেখে চলে যান। পরবর্তী সময়ে এই শিশুটি কান্নাকাটি করছিল, আমরা তাকে উদ্ধার করি।

তিনি জানান, শিশুটির বয়স আনুমানিক সাত বা আট মাস হবে। একই ফ্লাইটে আসা আসমা আক্তার নামের এক যাত্রীকে পাওয়া যায়, যিনি শিশুটিকে সঙ্গে নিয়ে আসা নারীর সঙ্গেই সৌদি আরব থেকে এসেছেন। আসমা জানিয়েছেন, ফ্লাইটে ওই নারীর সঙ্গে তার কথা হয়েছিল। তখন সেই নারী আসমাকে জানান, সৌদিতে তার বিয়ে হয়, এরপর এই শিশুর জন্ম হয়। কিন্তু স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। এ কারণে তিনি দোটানায় আছেন শিশুটিকে নিয়ে গ্রামের বাড়িতে যাবেন কি না। প্লেনে কয়েকবার কান্নাকাটিও করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন