
নিউজ ডেস্কঃ শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের সংক্ষিপ্ত দ্বাদশ অধিবেশন। বৃহস্পতিবার (১ এপ্রিল) বেলা ১১টায় এ অধিবেশন ১১টায় শুরু হয়। দেশব্যাপী করোনার প্রভাব বেড়ে যাওয়ায় এটি মাত্র তিন কার্যদিবস চলতে পারে বলে জানা গেছে। সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সংক্ষিপ্ত এ অধিবেশন চলবে ১, ৩ ও ৪ এপ্রিল। বরাবরের মতো এবারও কঠোর স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন চলবে।বুধবার (৩১ মার্চ) সংসদের গণসংযোগ অধিশাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, অধিবেশনে যোগ দিতে হলে সংসদ সদস্যদের করোনা টেস্ট করতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে সংসদে প্রবেশ করতে হবে।চলমান করোনাভাইরাস প্রাদুর্ভাবে অধিবেশন কভার করতেও সংসদে ঢুকতে পারবেন না সাংবাদিকরা। অধিবেশন চলার সময় ছাড়া অন্য যে কোনো সময় সেখানে সাংবাদিকদের প্রবেশে কোনো বাধা নেই।
অধিবেশনের কার্যক্রম শেষ হওয়ার পর জাতীয় সংসদের মূল ভবনে প্রবেশে ইচ্ছুক সাংবাদিকরা কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট সাপেক্ষে অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে ঢুকতে পারবেন। সে জন্য সাংবাদিকদের সংসদ সচিবালয় মেডিকেল সেন্টার থেকে কোভিড-১৯ টেস্ট করানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।করোনাকালীন অধিবেশনগুলোতে বিশেষ দিন ছাড়া সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। এর আগে সংসদের একাদশ ও শীতকালীন অধিবেশন ১৮ জানুয়ারি শুরু হয়েছিল। এটি শেষ হয় ২ ফেব্রুয়ারি। এই অধিবেশনের কার্যদিবস ছিল ১২টি। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসতে হয়।