
নিউজ ডেস্কঃ মহামারি করোনায় নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে প্রযুক্তি নির্ভর ই-কমার্স প্রতিষ্ঠান কিংবা ফেসবুক পেইজ। ক্রেতাদের বাড়তি আগ্রহের সুযোগে অনলাইনে এক ধরনের পণ্য প্রদর্শন করে নিম্নমানের বা অন্য পণ্য ডেলিভারি দেয়ার ঘটনা ঘটছে। অর্ডার নিয়ে টাকা পাওয়ার পর পণ্য ডেলিভারি না দিয়ে ফেসবুক পেইজ বা ওয়েবসাইট বন্ধ করে দিচ্ছে কিছু অসাধু প্রতিষ্ঠান। এতে প্রতারিত হয়ে অনলাইনে কেনাকাটায় আগ্রহ হারাচ্ছেন ভোক্তারা। এ অবস্থায় বৃহস্পতিবার (০১ এপ্রিল) 'ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো'র উদ্বোধনী অনুষ্ঠানে, করোনাকালে তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল সেবার প্রয়োজনীয়তার বিপরীতে সাইবার ক্রাইম ও অনলাইনে প্রতারণা বিষয়টি উল্লেখ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।তিনি বলেন, করোনা মহামারি পরিস্থিতিতে তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল সেবার প্রয়োজন আমরা নতুন আঙ্গিকে উপলব্ধি করতে পেরেছি। বৈশ্বিক মহামারির প্রাদুর্ভাবে যখন স্বাভাবিক কার্যক্রম বন্ধ হবার উপক্রম তখন তথ্যপ্রযুক্তিই হয়ে ওঠে জরুরি গুরুত্বপূর্ণ কার্যক্রম চালিয়ে যাবার একমাত্র নির্ভরশীল মাধ্যম। দেশের শিক্ষা কার্যক্রম, বিচারিক কার্যক্রম, স্বাস্থ্যসেবা, ব্যাংকিং সেবা ইত্যাদি হয়ে পড়ে তথ্যপ্রযুক্তি নির্ভর। চলমান মহামারির সময়ে তথ্যপ্রযুক্তির স্থানীয় বাজার অকল্পনীয় প্রসার লাভ করেছে। এ মহামারিকালে তথ্যপ্রযুক্তি ব্যবহার করেই দেশের অর্থনৈতিক কার্যক্রম সচল রাখা সম্ভব হয়েছে।