News71.com
 Bangladesh
 31 Mar 21, 10:56 PM
 274           
 0
 31 Mar 21, 10:56 PM

সমাজ পরিবর্তনে আধুনিক শিক্ষা নিশ্চিত করতে হবে ॥ শিক্ষামন্ত্রী

সমাজ পরিবর্তনে আধুনিক শিক্ষা নিশ্চিত করতে হবে ॥ শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ সমাজ পরিবর্তনে আধুনিক শিক্ষা নিশ্চিত করার কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কুদরাত-ই খুদা শিক্ষা কমিশন গঠন করেছিলেন। তার বাস্তবায়ন কিন্তু আমরা এখনো করতে পারিনি। আমরা যে শিক্ষানীতি করেছি সেটিরও ১০ বছরের বেশি হয়ে গেল। এর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিতে আমরা অনেক দূর এগিয়েছি। আমাদের নতুন করে আবারও এই বিষয়গুলো পর্যালোচনা করার সময় এসে গেছে। আমরা সেটি করছি। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপসের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ‘স্বাধীনতার ৫০ বছর বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সাফল্য ও সংকট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, আমরা পুরো পাঠক্রম নিয়ে নতুন করে ভাবছি। এখন আর শুধুমাত্র জ্ঞান নয়, জ্ঞানের সঙ্গে দক্ষতা, তার সঙ্গে সঠিক মানসিকতা, সবকিছুকেই আমাদের পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা সেই জন্যই সুনাগরিক, বিশ্বনাগরিক গড়বার জন্য কাজ করছি। কাজটি রাতারাতি নিশ্চয়ই হবে না। সময় নেবে। তবে কাজের সূচনা হয়ে গেছে। প্রাক-প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একই সুতোয় গাঁথা হবে আমাদের শিক্ষাক্রমকে। আমাদের ইতিহাসের প্রতি বিশ্বস্ত থেকে শিক্ষার্থীদের জ্ঞান, বিজ্ঞান ও মানবিকতায় সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তারা যেন সোনার মানুষ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন