News71.com
 Bangladesh
 31 Mar 21, 09:06 PM
 229           
 0
 31 Mar 21, 09:06 PM

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী‌কে কলঙ্কিত করে‌ছে হেফাজত॥আইজিপি

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী‌কে কলঙ্কিত করে‌ছে হেফাজত॥আইজিপি

নিউজ ডেস্কঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বর্ব‌রো‌চিত আক্রম‌ণের মাধ্য‌মে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। গত ২৬ মার্চ চট্টগ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হামলায় গুরুতর আহত পুলিশ সদস্যদেরকে দেখতে আইজিপি আজ বুধবার দুপুরে ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন। তিনি কিছু সময় আহত পুলিশ সদস্যদের শয্যাপাশে অবস্থান করে চিকিৎসার খোঁজখবর নেন। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সাথেও কথা বলেন। ঢাকা সিএমএইচ-এ চিকিৎসাধীন পুলিশ সদস্যরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানার ২নং শহর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. নুরুল আলম এবং চট্টগ্রামের হাটহাজারী থানার এসআই মো. মেহেদী হাসান। গুরুতর আহত সহকারি পুলিশ সুপার হুসাইন মুহাম্মাদ ফারাবী বর্তমানে চট্টগ্রাম সিএমএইচ-এ চিকিৎসাধীন।

পরে আইজিপি বলেন, ২৬ মার্চ আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে হেফাজতকর্মীরা সারা বাংলাদেশে তাণ্ডব চালায়। প্রথমে বায়তুল মোকাররম মসজিদ, পরে হাটহাজারী মাদ্রাসা থেকে কোমলমতি ছাত্রদের ব্যবহার করা হয়। হাজার হাজার ছাত্র হাটহাজারী থানা আক্রমণ করে। ওখানকার ডাকবাংলোয় আক্রমণ করে। হেফাজতকর্মীরা ভূমি অফিস জ্বালিয়ে দেয়। সবচেয়ে দুঃখজনক বিষয় ভূমি অফিসের সমস্ত কাগজপত্র, ল্যান্ড রেকর্ড একত্র করে তারা জ্বালিয়ে দেয়। সরকারের রেকর্ডপত্র জ্বালিয়ে দেয়ার মানে হচ্ছে সেই অঞ্চলের মানুষ বছরের পর বছর এ সংক্রান্ত জটিলতায় ভুগবেন। তিনি বলেন, একজন শিক্ষানবিশ এএসপি যিনি হাটহাজারী থানায় প্রশিক্ষণরত ছিলেন। তিনি ডাকবাংলোতে অবস্থান করতেন। তাকে ধরে নিয়ে মেরে ফেলার উদ্দেশ্যে নির্মমভা‌বে প্রহার করা হয়। একইভাবে ডিইউটিরত একজন কনস্টেবলকে ধরে নিয়ে যাওয়া হয়। ডাকবাংলোর সামনে দায়িত্ব পালনরত একজন সাব-ইন্সপেক্টরকে ‌গুরুতর আহত করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন