
নিউজ ডেস্কঃ জাতির পিতাকে কটূক্তি ও প্রধানমন্ত্রীকে হত্যার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়ায় রাজশাহীতে বিএনপির চার নেতার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। প্রতিবেদন গ্রহণ করে আদালত চার নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আজ বুধবার দুপুরে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ (আমলী আদালত বোয়ালিয়া) এ প্রতিবেদন দাখিল করেন। আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম প্রতিবেদন গ্রহণ করেন।
এরপর শুনানি শেষে চার বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। একইসঙ্গে এ মামলার পরবর্তী দিন আগামী ২৬ এপ্রিল ধার্য্য করেন বিচারক। পুলিশ ও আদালত সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। মামলার আসামি চার নেতা হলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক সিটি মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এবং সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।