
নিউজ ডেস্কঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে বঙ্গোপসাগরের বাংলা চ্যানেলে ৯ জন সাঁতারু বিশেষ সাঁতারে অংশ নিয়েছেন। পাঁচজন দুবার (ডাবল পাড়ি) ও চারজন একবার (সিঙ্গেল) পাড়ি দেওয়ার কথা ছিল। দুবার পাড়ি দেওয়া পাঁচজন সাঁতারুর মধ্যে বাংলাদেশের প্রথম সাঁতারু হিসেবে ১০ ঘণ্টা ২০ মিনিট সময় নিয়ে সাইফুল ইসলাম রাসেল বাংলা চ্যানেল (ডাবল ক্রস) পাড়ি দিয়ে রেকর্ড করেন। রাসেল এর আগে তিনবার (সিঙ্গেল) এ চ্যানেল পাড়ি দিয়েছিলেন।
সেন্টমার্টিন থেকে টেকনাফে শাহপরীরদ্বীপের পশ্চিম পাড়া সমুদ্র সৈকতের দূরত্ব ১৬ দশমিক ১ কিলোমিটার। ডাবল বা যেতে আসতে একজন সাঁতারুকে ৩২ দশমিক ২ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। অন্যদিকে, ২০০৬ সালের প্রথম আয়োজন থেকে শুরু করে এ পর্যন্ত টানা ১৭ বার বাংলা চ্যানেল পাড়ি দিয়ে রেকর্ড গড়েছেন সাঁতারু লিপটন সরকার। তিনি সোমবারও ৬ ঘণ্টা ৫০ মিনিটে সাঁতার শেষ করেন। এ সাঁতারের আয়োজক ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা।