
নিউজ ডেস্কঃ এখন খালি পায়ে মানুষ দেখা যায় না, ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায় না, আকাশ থেকে কুঁড়েঘর দেখা যায় না। এগুলো হচ্ছে বাস্তবতা, কেউ স্বীকার করুক আর না করুক। বাংলাদেশ আজ বদলে গেছে। ১২ বছর আগে যে ছেলেটি বিদেশ গেছে সে এখন দেশে এলে তার গ্রাম চিনতে পারে না। কেউ উন্নয়ন দেখতে পাক বা না পাক এটাই বাস্তবতা। মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ডিআরইউ আয়োজিত আলোচনা সভা ও সমসাময়িক প্রসঙ্গে বক্তব্যকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ একথা বলেন।
আলোচনা সভা শেষে সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ‘সিটি ব্যাংক-ডিআরইউ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী। গণমাধ্যমের স্বাধীনতার কথা উল্লেখ করে সম্প্রচার মন্ত্রী বলেন, বাংলাদেশের গণমাধ্যম যে পরিমাণ স্বাধীনতা ভোগ করে অনেক উন্নত দেশেও এ পরিমাণ স্বাধীনতা ভোগ করে না। যুক্তরাজ্যে একটি ভুল সংবাদ পরিবেশনের কারণে ১৬৭ বছরের পুরনো পত্রিকা নিউজ অব দ্য ওয়ার্ল্ড, যেটি এক সময় বহুল প্রচারিত ইংরেজি দৈনিক ছিল, সেটি বন্ধ হয়ে যায়। বিবিসিকে পৃথিবীর প্রথম সারির গণমাধ্যম হিসেবে ধরা হয়, সেখানে একজন এমপির বিরুদ্ধে অসত্য সংবাদ পরিবেশনের পরিপ্রেক্ষিতে মামলা হয়, সেজন্য বিবিসির প্রধান নির্বাহী থেকে শুরু করে পুরো টিমকে পদত্যাগ করতে হয়েছে।