
নিউজ ডেস্কঃ উগ্র সাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকালে পুলিশ-বিজিবি কর্তৃক হত্যা ও সরকারি দলের আক্রমণের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। সোমবার বিকেলে বাসদ কার্যালয়ে বাম জোটের সভায় এই ক্ষোভ প্রকাশ করা হয়। বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী)’র মানস নন্দী, ইউসিএলবি’র অধ্যাপক আব্দুস সাত্তার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের আব্দুল আলী প্রমুখ। সভায় নেতৃবৃন্দ দেশের বিভিন্ন অঞ্চলে রেলস্টেশন, রেলগাড়ি, ভূমি অফিস, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের তীব্র নিন্দা এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের শাস্তির দাবি জানিয়ে বলেন, যথাযথ তদন্তের মাধ্যমে এসব ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারা আরো বলেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে সরকার প্রত্যক্ষ-পরোক্ষ মদদ দিয়ে আসছে। এদের সৃষ্ট নৈরাজ্যের দায় সরকারকেই বহন করতে হবে।