News71.com
 Bangladesh
 30 Mar 21, 11:23 AM
 273           
 0
 30 Mar 21, 11:23 AM

আবহাওয়া পূর্বাভাস॥ ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া পূর্বাভাস॥ ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

নিউজ ডেস্কঃ সাতদিন পর কাটলো তাপপ্রবাহ। তবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির প্রবণতা শুরু হয়েছে। সোমবার (২৯ মার্চ) আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অথবা অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে কালবৈশাখী বা সামুদ্রিক ঝড়ের কোনো আভাস নেই।

মঙ্গলবার (৩০ মার্চ) রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ছয় থেকে ১২ কিলোমিটার। আগামী বুধবার (৩১ মার্চ) নাগাদ তাপমাত্রা আরও কমতে পারে। বর্ধিত পাঁচদিনে আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন